গেতাফে-রিয়াল মাদ্রিদ-newsedge4
  • March 3, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

লা লিগায় শিরোপা লড়াইয়ে আরও এক ধাপ পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের কাছে ১-০ গোলে হেরে বড় ধাক্কা খেল দলটি। মার্তিন সাত্রিয়ানোর প্রথমার্ধের চোখধাঁধানো ভলিতে এই হারের স্বাদ পেল রিয়াল। ২৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট কম।

ম্যাচের প্রথমার্ধে রিয়াল আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি। ভিনিসিয়ুস জুনিয়র একা গোলরক্ষক দাভিদ সোরিয়ার সামনে পেয়েও সফল হতে পারেননি। ৪৪তম মিনিটে গেতাফা কাউন্টার অ্যাটাক থেকে বল পান সাত্রিয়ানো। বক্সের বাইরে থেকে তার চোখধাঁধানো ভলি থিবো কুর্তোয়ার মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়। এই গোলেই বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় গেতাফে।

দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণের গতি বাড়ায়। আন্তোনিও রুদিগারের কাছের পোস্ট ঘেঁষা হেড অল্পের জন্য বাইরে যায়। বদলি নামা রদ্রিগোর হেড গোলমুখে গেলেও শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দানি কারভাহাল তা জালে জড়াতে পারেননি। গোলরক্ষক সোরিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে গেতাফে রক্ষণভাগ দৃঢ় থাকে।

যোগ করা সময়ে রিয়ালের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়। ফ্রাঙ্কো মাস্তান্তুওনো রেফারি আলেখান্দ্রো মুনিস রুইজের প্রতি আপত্তিকর ভাষা ব্যবহারের দায়ে লাল কার্ড দেখেন। কিছুক্ষণ পর সময়ক্ষেপণের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন গেতাফের আদ্রিয়ান লিসোও।

আরও পড়ুন: লামিন ইয়ামালের হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

চোটের কারণে এদিনও খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ২০২৫ সালের শেষদিকে বাম হাঁটুর বাইরের লিগামেন্টে চোট পাওয়ার পর থেকে ভুগছেন তিনি। জুড বেলিংহ্যামও চোটে বাইরে। কোচ আলভারো আরবেলোয়া দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন আনেন—বদলি হওয়া খেলোয়াড়দের একজন ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আরবেলোয়ার অধীনে ১২ ম্যাচে এটি চতুর্থ হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *