বায়ার্ন মিউনিখ-newsedge24
  • April 20, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ভিএফবি স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বারের মতো বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এটি তাদের ৩৫তম লীগ শিরোপা।

রোববারের জয়ের মধ্য দিয়ে সবশেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩ বারই বুন্ডেসলিগার শিরোপা জিতল বাভারিয়ানরা। শুধু ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনের কাছে শিরোপা হারিয়েছিল তারা।

ম্যাচের ২১তম মিনিটে স্টুটগার্ট লিড নিলেও ৩১ থেকে ৩৭ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও আলফন্সো ডেভিস গোল করেন। বিরতির পর হ্যারি কেইন শেষ গোলটি করেন।

শিরোপা নিশ্চিত হওয়ার পর হ্যারি কেইন বলেন, “দল যেভাবে লড়াই করে লীগ শেষ করেছে, তা আমাদের মানসিক শক্তিরই পরিচয়। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমাদের লক্ষ্য অবিচল ছিল।”

চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন কেইন। ২৭ লীগ ম্যাচে ৩২ গোল এবং সব প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে ৫১ গোল করেছেন তিনি। বায়ার্নের জার্সিতে তার মোট গোলসংখ্যা এখন ১৩৯ ম্যাচে ১৩৬।

৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে বায়ার্ন এখন টেবিলের শীর্ষে এবং দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে।

কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “এটি চমৎকার অনুভূতি। তবে আমরা এখানেই থামতে চাই না। এ মৌসুমে আরও শিরোপা জয়ের সুযোগ রয়েছে। লেভারকুসেনের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনাল এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ আমাদের সামনে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *