১৯৩৪ সালের পর বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো হারের শঙ্কায় পড়েছিল ব্রাজিল। তবে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ গোলে শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর কঠিন অবস্থায় পড়ে ব্রাজিল। ম্যাচ শেষে প্রধান কোচ কার্লো আনচেলত্তি দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি। তিনি বলেন, “এটি খুব কঠিন একটি ম্যাচ ছিল, বিশেষ করে শুরুতে। দল কিছুটা উদ্বিগ্ন ছিল এবং স্নায়ুচাপ কাজ করছিল। আমরা ভালো খেলিনি, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ।”
আনচেলত্তি আরও বলেন, “ফলাফল খুব খারাপ নয়। তবে দ্বিতীয় ম্যাচ থেকে আমাদের আরও ভালো করতে হবে। শুধু প্রথম ম্যাচের ওপর ভিত্তি করে কেউ বিশ্বকাপ জেতে না।” ভিনিসিয়ুসের প্রশংসা করে তিনি বলেন, সে বিপজ্জনক ছিল এবং দুর্দান্ত একটি বিশ্বকাপ উপহার দেওয়ার সব সামর্থ্য তার রয়েছে।
ভিনিসিয়ুস নিজেও ম্যাচের শুরু নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “আমরা খুব খারাপভাবে শুরু করেছি। প্রথম গোল হজম করার পর ছন্দে ফেরা কঠিন হয়ে যায়। তবে আমাদের উন্নতি করতে হবে। এটি বিশ্বকাপ—এখানে কোনো সহজ ম্যাচ নেই।”
অন্যদিকে মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ড্র করেছি, কিন্তু পারফরম্যান্সে খুশি। এখনও উন্নতির সুযোগ রয়েছে।” মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি বলেন, “আমরা এক পয়েন্ট পেয়েছি। অবশ্যই আরও বেশি আশা করেছিলাম, কিন্তু আমরা হতাশ নই।”


















































































































































































































































































































































































































































