ফুরোচ্ছে ব্রাজিল সমর্থকদের দীর্ঘ অপেক্ষা, অবশেষে চোট কাটিয়ে মাঠের লড়াইয়ে ফিরছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের স্বস্তির জয়ের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজেই এই বড় সুসংবাদ দিয়েছেন।
কোচ আনচেলত্তি নিশ্চিত করেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ও বাঁচা-মরার ম্যাচেই মাঠে নামতে পারবেন নেইমার। কাফের (পায়ের পেশি) চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল জাতীয় দলের এই সর্বোচ্চ গোলদাতাকে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তাকে বেঞ্চে রাখা হলেও খেলানো হয়নি, আর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তিনি মাঠের বাইরে ছিলেন।
হাইতির বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল (রোববার) ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করবে। এরপর সোমবার থেকে সে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে সে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে।’
চলতি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মিশ্র পারফরম্যান্স দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। তবে হাইতি ম্যাচে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে উইঙ্গার রাফিনিয়ার চোট। ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই তারকা।
আরও পড়ুন: অভিষেকেই বাবার জন্মভূমির বিপক্ষে জোড়া গোল ইয়াসিন আয়ারির
রাফিনিয়ার চোট নিয়ে আনচেলত্তি জানান, ইনজুরিটি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না এবং এর গভীরতা জানতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকেও একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন রাফিনিয়া।
রাফিনিয়ার ছিটকে যাওয়ার শঙ্কার মাঝেই নেইমারের ফিরে আসা ব্রাজিলের আক্রমণভাগে নতুন গতি ও স্বস্তি যোগ করবে বলে আশা করছেন ফুটবল বিশ্লেষকরা।


















































































































































































































































































































































































































































