নরওয়ের ফুটবল তারকা আরলিং হলান্ডকে ঠেকাতে আলাদা কোনো কৌশল নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, প্রতিপক্ষকে হারাতে হলে শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকেই মোকাবিলা করতে হবে। গ্রুপ পর্বে নিজেদের শীর্ষে থেকে শেষ বত্রিশে ওঠা ব্রাজিল জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জয় নিশ্চিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
স্থানীয় সময় রোববার মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের বিজয়ী দল শেষ আটে ইংল্যান্ড অথবা যৌথ আয়োজক মেক্সিকোর বিপক্ষে খেলবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “হলান্ডকে ঠেকানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা বলে আমি কিছু মনে করি না। আমার রক্ষণভাগের খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।”
তিনি আরও বলেন, “আমাদের দল এখন খুব ভালো অবস্থায় রয়েছে। তবে আরও উন্নতি করতে হবে। সবাই জানে হালান্ড কীভাবে খেলে। আমার রক্ষণভাগের খেলোয়াড়দের তার বিপক্ষে খেলার পদ্ধতি শেখানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার মুখোমুখি হয়েছে। তাই আমরা প্রতিপক্ষের শক্তি ও বৈশিষ্ট্য মাথায় রেখে নিজেদের সেরাটা খেলতে চাই। নরওয়ে খুবই গোছানো ও আক্রমণভাগে বিপজ্জনক একটি দল। তবে জাপানের বিপক্ষে কঠিন জয়ের পর আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে।”
ব্রাজিলের মধ্যমাঠের খেলোয়াড় ব্রুনো গিমারায়েসও হলান্ডের প্রশংসা করে বলেন, “সে সত্যিই অসাধারণ একজন ফুটবলার। আমাদের আক্রমণও করতে হবে, আবার তাকে নিবিড়ভাবে নজরেও রাখতে হবে। কারণ একটি সুযোগ পেলেই সে ম্যাচের ফল বদলে দিতে পারে। আমরা তাকে সেই সুযোগ দিতে চাই না।”
জাপানের বিপক্ষে ঊরুর পেছনের পেশিতে চোট পাওয়ায় এই ম্যাচে ব্রাজিলের মধ্যমাঠের খেলোয়াড় লুকাস পাকেতা খেলতে পারবেন না। তবে ঊরুর চোট কাটিয়ে ফরোয়ার্ড রাফিনিয়া দলে ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নরওয়ের কোচ স্তোলে সলবাক্কেনও মনে করেন, এই ম্যাচ কেবল হলান্ড ও ব্রাজিলের দুই সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল ও মার্কিনিয়োসের ব্যক্তিগত লড়াই নয়।
তিনি বলেন, “ব্রাজিলের রক্ষণভাগে এই টুর্নামেন্টের অন্যতম সেরা জুটি রয়েছে। তারা দুজনই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মানের খেলোয়াড়। হালান্ডের সঙ্গে তাদের দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আমার কাছে এটি ব্রাজিল বনাম নরওয়ের লড়াই।”
আরও পড়ুন: পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি
সলবাক্কেন আরও বলেন, “ব্রাজিল অবশ্যই এই ম্যাচে এগিয়ে। কিন্তু আমরা বিশ্বাস করি, তাদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারব। তবে সে জন্য আমাদের নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে। নইলে জয়ের কোনো সুযোগ থাকবে না।”
তিনি আশা প্রকাশ করেন, ঊরুর চোট কাটিয়ে রক্ষণভাগের খেলোয়াড় ইউলিয়ান রিয়েরসন এই ম্যাচে খেলতে পারবেন। তবে কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রক্ষণভাগের আরেক খেলোয়াড় হোলমগ্রেন পেদারসেনের অবস্থা এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।



















































































































































































































































































































































































































































