আর্জেন্টিনা-01065-NewsEdge24
  • July 13, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে একটি বিশেষ আবেদন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির পরিবর্তে তারা ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ‘অল-ব্লু’ বা নীল রঙের জার্সি পরে মাঠে নামতে চায়। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল এক্স-এ জানিয়েছেন, আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে। লিওনেল স্কালোনির দল ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে।

চলতি বিশ্বকাপে আলবিসেলেস্তেরা মাত্র একবার এই নীল জার্সি পরে মাঠে নেমেছিল। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় তারা। নকআউট পর্বের ম্যাচগুলোতে জার্সির রঙ নির্ধারণ, দৃশ্যমানতা এবং সম্প্রচার স্বত্বসহ বিভিন্ন দিক বিবেচনা করে ফিফাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আর্জেন্টিনা কেন হঠাৎ নীল জার্সি পরতে চায়, তার কোনো অফিশিয়াল কারণ জানানো হয়নি। তবে ফুটবলপ্রেমীদের ধারণা, এটি তাদের একটি ‘লাকি চার্ম’ বা সৌভাগ্যের প্রতীক হতে পারে। কারণ, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিখ্যাত দুটি জয়ই এসেছে গাঢ় নীল জার্সি পরে।

এদিকে, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ চারে পৌঁছেছে আর্জেন্টিনা।

মেসির বক্তব্য

চলতি আসরেও আর্জেন্টিনার ত্রাতা লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ইএসপিএন আর্জেন্টিনাকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “১৯৮৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে আমি যা জানি, তা মূলত ভিডিও ও ছবি থেকে। তবে আমার মনে হয়, এই দলটি প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে স্বাভাবিক ফুটবল খেলতেই অভ্যস্ত।”

তিনি আরও বলেন, “অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা বিশেষ, কারণ ওরা ফুটবলের অন্যতম পরাশক্তি। ব্যক্তিগতভাবে আমি এবারই প্রথম ওদের মুখোমুখি হব। আমরা এটাকে একটি বিশ্বকাপ সেমিফাইনাল হিসেবেই দেখছি এবং সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামার চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *