• November 1, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেঞ্চুরি করে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসিয়েছেন বাঁহাতি ওপেনার ফখর জামান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে শ্রীলংকার দেওয়া ৩২৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে ইনিংসের সূচনা করেন ফখর। বড় ম্যাচে জ্বলে ওঠার সামর্থ্য আবারও প্রমাণ করে মাত্র ৮৪ বলে তুলে নেন নিজের দ্বাদশ ওয়ানডে সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ৯৯ বলে ১২৭ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১১টি চার ও ছয়টি ছক্কা। ৩৪তম ওভারে দিলশান মাদুশঙ্কার বলে আউট হয়ে থামে তার দুর্দান্ত ইনিংস।

ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি ফখরের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালে লন্ডনের ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শতরান করেছিলেন তিনি।

এর মধ্য দিয়ে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি করার রেকর্ডে সাঈদ আনোয়ারের পাশে বসেছেন ফখর।

১৯৯৩ সালে উইলস ট্রফির ফাইনালে শ্রীলংকার বিপক্ষে এবং ১৯৯৮ সালে সিলভার জুবিলি স্বাধীনতা কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের সাবেক ওপেনার আনোয়ার।

এ ছাড়া ১২৭ রানের ইনিংসের সুবাদে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন ফখর। পাকিস্তানের মাত্র ১৬তম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এই তালিকায় তার আগে রয়েছেন ইনজামাম-উল-হক, জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান ও সাঈদ আনোয়ারের মতো কিংবদন্তিরা।

ওয়ানডে ক্রিকেটে ৯৬ ইনিংসে ফখরের রান এখন ৪ হাজার ১৯। তার ব্যাটিং গড় ৪৪.৬৫ এবং স্ট্রাইক রেট ৯৩.৫৭। ১২টি সেঞ্চুরির পাশাপাশি এই সংস্করণে ১৯টি অর্ধশতকও রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *