শারমিন আক্তারের নিগার সুলতানা ও শারমিন আক্তার-newsedge24
  • April 20, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

উদ্বেগ-উৎকণ্ঠার শেষে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পাকিস্তানের লাহোরে বাছাইপর্বে প্রথম তিন ম্যাচে জয় ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সামান্য শ্রেয়তর নেট রান রেট (০.০১৩) বাংলাদেশকে ভারতে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানা জোতি ও শারমিন আক্তার ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের এই অবদানের স্বীকৃতি হিসেবে আইসিসি বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন তাঁরা। এছাড়া বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান দ্বাদশ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

আইসিসি ঘোষিত সেরা একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় পাকিস্তানের, যারা পাঁচ ম্যাচের সবকটিতে জিতে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানের মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল এই একাদশে স্থান পেয়েছেন। ফাতিমা সানাকে অধিনায়ক করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস, শিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইন সেরা একাদশে জায়গা পেয়েছেন। হেইলি ম্যাথুস শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশের জন্য উৎকণ্ঠা তৈরি করেছিলেন। তবে নেট রান রেটে পিছিয়ে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে ব্যর্থ হয়।

বাংলাদেশ এখন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *