কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে চরম বিপদে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নেওয়া ২১১ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা ৩৮ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান সংগ্রহ করেছে। দিন শেষে ৯৬ রানে পিছিয়ে রয়েছে সফরকারী দল, হাতে মাত্র ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে আশার আলো দেখালেও দ্রুতই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ওপেনার এনামুল হক বিজয় ১৯ বলে ১৯ রান করে দলীয় ৩১ রানে আউট হন। তার পরপরই আরেক ওপেনার সাদমান ইসলাম ১২ রানে সাজঘরে ফিরে যান। এরপর মুমিনুল হক (১৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৯) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।
ইনিংস মেরামতের দায়িত্ব নেন মুশফিকুর রহিম ও লিটন দাস। কিন্তু দিনের শেষ বেলায় মুশফিক ২৬ ও মেহেদী হাসান মিরাজ ১১ রান করে আউট হলে বাংলাদেশ আরও বিপাকে পড়ে। দিন শেষে লিটন দাস ১৩ রানে অপরাজিত থাকলেও দলের পরিস্থিতি অত্যন্ত নাজুক।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে প্রবাথ জয়সুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভা ২টি করে উইকেট নিয়ে টাইগারদের উপর চাপ সৃষ্টি করেছেন। চতুর্থ দিনে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেখানে ইনিংস হারের শঙ্কা উঁকি দিচ্ছে।



















































































































































































































































































































































































































































