আজহার মাহমুদ-azhar mahmood-newsedge24
  • June 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে জাতীয় টেস্ট দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আগে থেকেই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। তার বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই ভূমিকায় থাকবেন।

পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রে আজহারের নেতৃত্বে যাত্রা শুরু করবে। অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পি ২০২৪ সালের ডিসেম্বরে পদত্যাগ করার পর সাবেক পেসার আকিব জাভেদ অন্তর্বর্তী লাল বলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বিতর্কের মুখে তিনিও দায়িত্ব ছাড়েন। পিসিবি এক বিবৃতিতে বলেছে, “বর্ষীয়ান ক্রিকেট চিন্তক আজহার মাহমুদ বিপুল অভিজ্ঞতা নিয়ে এই ভূমিকায় এসেছেন। দলের কৌশল নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খেলাটি নিয়ে তার গভীর জ্ঞান, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টিতে সাফল্য তাকে ব্যতিক্রমী করে তুলেছে।”

পিসিবি আরও উল্লেখ করেছে, “ইংলিশ কাউন্টিতে দুটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় আজহারের লাল বলের ক্রিকেটে দক্ষতার প্রমাণ। তার নির্দেশনায় টেস্ট দল শক্তি, শৃঙ্খলা এবং পারফরম্যান্সে উন্নতি করবে।” আজহার ১৯৯৬ থেকে ২০০৭ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেছেন, যেখানে তিনি ১৬২টি উইকেট নিয়েছেন এবং তিনটি সেঞ্চুরিসহ ২৪০০-এর বেশি রান সংগ্রহ করেছেন।

আজহারের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা ডব্লিউটিসি’র নতুন চক্রের অংশ। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। পাকিস্তান ডব্লিউটিসি’র প্রথম তিন আসরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে এবং ২০২৩-২৫ সিজনে তাদের অবস্থান ছিল তলানিতে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের কাছে হোম সিরিজে হেরে যায় তারা। দক্ষিণ আফ্রিকার মাটিতেও ব্যর্থ হয়েছিল পাকিস্তান টেস্ট দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *