রোমাঞ্চকর ম্যাচে রংপুর রাইডার্স ১ রানে হারাল হোবার্ট হারিকেন্সকে-newsedge24
  • July 14, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

গ্লোবাল সুপার লীগের পঞ্চম ম্যাচে রংপুর রাইডার্স শেষ বলের রোমাঞ্চে হোবার্ট হারিকেন্সকে ১ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শেষ ওভারে ১৩ রানের সমীকরণকে আজমতউল্লাহ ওমরজাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে অসম্ভব করে তুলে বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দলটি। খালেদ আহমেদের ৪ উইকেটের দাপটে ম্যাচসেরা হন এই টাইগার পেসার।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। ইব্রাহিম জাদরান (৩১ বলে ৪৩) এবং সৌম্য সরকার (৬ বলে ৫) প্রথম উইকেটে ২৫ রানের জুটি গড়েন। দলীয় ৫৮ রানে জাদরান আউট হলেও কাইল মায়ার্স ৪২ বলে অপরাজিত ৬৭ রানের ঝড়ো ইনিংসে (৮ চার, ২ ছক্কা) দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। আজমতউল্লাহ ওমরজাই ১৫ রান করেন। হোবার্টের উসামা মীর ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন।

আরও পড়ুন: জয়ের পেছনে দলগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন লিটন দাস

রান তাড়ায় হোবার্টের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ওভারের শেষ বলে ভানুকা রাজাপাকসেকে (১) তুলে নেন মায়ার্স। অধিনায়ক বেন ম্যাকডারমট (১৯ বলে ৩৪) এবং ম্যাকআলিস্টার রাইট (১৪) দ্বিতীয় উইকেটে ৪৯ রান যোগ করলেও খালেদ আহমেদ ম্যাকডারমট, রাইট এবং জেক দোরানকে (৯) পরপর আউট করে হোবার্টকে চাপে ফেলেন। রকিবুল হাসান নিখিল চৌধুরীকে (৯) আউট করেন।

মোহাম্মদ নবী ৩৬ বলে ৪৪ রান করে (১ চার, ৩ ছক্কা) শেষ পর্যন্ত লড়াই চালালেও শেষ ওভারে ওমরজাই তাকে আউট করেন। শেষ বলে ৩ রান দরকার হলেও বিলি স্ট্যানলেক রান আউট হলে ১৫০ রানে থামে হোবার্ট। খালেদ ৪ উইকেট নেন (৪-০-২৬-৪), ইফতিখার আহমেদ ২ উইকেট পান (২-০-১৩-২)।

পরবর্তী ম্যাচে রংপুর রাইডার্স সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে। ম্যাচটি আগামী ১৬ জুলাই রাত ৮টায় প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *