ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এক বছরের জন্য ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন। স্প্যানিশ জায়ান্টরা চাইলে আগামী মৌসুমে ৩৪.৯ মিলিয়ন ডলারে তাকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড রোববার (২০ জুলাই ২০২৫) বার্সেলোনায় পৌঁছে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেছেন। চলতি সপ্তাহে মেডিকেল টেস্টের পর তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।
বার্সেলোনা বৃহস্পতিবার হান্সি ফ্লিকের অধীনে এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবে, যেখানে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রাশফোর্ডের অভিষেক হতে পারে। ইএসপিএনের একটি সূত্র জানায়, মার্কাস রাশফোর্ড নিজেই বার্সায় যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন এবং আর্থিক চাহিদা কমিয়েছেন। তবে ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
প্রাথমিকভাবে বার্সেলোনা লিভারপুলের লুইস দিয়াজকে চাইলেও উচ্চ ট্রান্সফার ফি’র কারণে তারা রাশফোর্ডের দিকে ঝুঁকেছে। এছাড়া, বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো অ্যাটলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামসকেও লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি বিলবাওয়ের সঙ্গে ১০ বছরের নতুন চুক্তি করেছেন।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়
২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেওয়া রাশফোর্ড ২০১৬ সালে মূল দলে জায়গা করে নেন। তিনি ইউনাইটেডের হয়ে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল ও ৭৭ অ্যাসিস্ট করেছেন। অ্যাস্টন ভিলায় ধারে ১৭ ম্যাচে তিনি ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেন। ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের পর রাশফোর্ডই বার্সেলোনার জার্সিতে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে খেলতে যাচ্ছেন।



















































































































































































































































































































































































































































