কাশিনাথপুর হাটে জবরদখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর হাটের সরকারি কার্যালয় জবরদখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার ও বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান টিপু। ২৩ জুলাই ২০২৫ তারিখে তিনি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও বর্তমানে নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজেম (৪০), পিতা-আহেদ আলী, কাশিনাথপুর নৃতুনপাড়া, সাঁথিয়া, পাবনার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।

মোস্তাফিজুর রহমান টিপু জানান, তিনি ১৪৩২ বাংলা সনের জন্য সরকারি ডাকের মাধ্যমে কাশিনাথপুর হাটের ইজারাদার নিযুক্ত হয়েছেন। কিন্তু মোহাম্মদ কাজেম দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে হাটের সরকারি কার্যালয়টি ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে আসছেন। গত ১৮ জুলাই ২০২৫, সকাল ১১টার দিকে স্থানীয় জনগণের সহায়তায় তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর কাজেম ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বলেন, তিনি তাকে এক লাখ টাকা চাঁদা দিয়েছেন। এছাড়া তাকে অপমান, অপদস্থ এবং মানহানির পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে মোস্তাফিজুর অভিযোগ করেন। তিনি ঘটনার সাক্ষী হিসেবে মো. আবু হেনা মোস্তফা প্রামানিক, মো. নূর মোহাম্মদ এবং মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় ব্যক্তিদের উল্লেখ করেছেন।

মোস্তাফিজুর আরও জানান, নিকটাত্মীয় ও কাশিনাথপুর বাজার কমিটির সঙ্গে আলোচনার পর তিনি থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *