রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনার গভীর শোক প্রকাশ। এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্প্যানিশ এই ক্লাব। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বাংলাদেশে বার্সেলোনার অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’কে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ক্লাবটি।
চিঠিতে স্বাক্ষর করেছেন বার্সেলোনার বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগনাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ। চিঠিতে বলা হয়, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে, ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার আহত ও নিহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: মিরপুর স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন
এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়, “এই ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত পেনিয়া সদস্য বা তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি।”


















































































































































































































































































































































































































































