রিয়াল মাদ্রিদ-newsedge24
  • July 30, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

লুকা মদরিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণার পর থেকে ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—আইকনিক ১০ নম্বর জার্সিটি কে পাচ্ছে? ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এ দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও, মাঝে তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলেরের নামও উঠে এসেছিল। তবে মঙ্গলবার (২৯ জুলাই) রিয়াল মাদ্রিদ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, এই মূল্যবান জার্সিটি পরবেন তাদের ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একই বার্তা দিয়েছেন।

রিয়াল মাদ্রিদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টের পরপরই এমবাপ্পে নিজেও দুটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে তিনি আকাশের দিকে আঙুল তুলে নিচের দিকে তাকিয়ে আছেন, পেছনে খোদাই করা তাঁর নাম এবং ১০ নম্বর জার্সি। অপর ছবিতে রিয়ালের লকার রুমে হ্যাঙ্গারে ঝুলছে ‘এমবাপ্পে ১০’ জার্সি। এতদিন এই গুরুত্বপূর্ণ জার্সিটি পরেছিলেন দলের ক্রোয়েট কিংবদন্তি লুকা মদরিচ।

৩৯ বছর বয়সী মদরিচ দল ছাড়ার ঘোষণা দেওয়ার পরই এমবাপ্পের এই জার্সি পাওয়া অনেকটা নিশ্চিত ছিল। তবে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ শেষে স্পেনে ফেরার সময় মদরিচ বাস থেকে নেমে তাঁর জার্সি ২০ বছর বয়সী তুর্কি তারকা আর্দা গুলেরের হাতে তুলে দিয়ে জড়িয়ে ধরেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তুমুল আলোচনা শুরু হয়। পরে মদরিচ ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন।

এমবাপ্পের ১০ নম্বর জার্সির পোস্টে লাইক দিয়েছেন আর্দা গুলের, এবং মদরিচ নিজেও ‘আগুন ইমোজি’ দিয়ে কমেন্ট করেছেন। গত সাত মৌসুম ধরে মদরিচ এই জার্সির মর্যাদা অসাধারণভাবে বহন করেছেন। ২০২৫-২৬ মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের নতুন নম্বর টেন হিসেবে মাঠে নামবেন এমবাপ্পে।

জার্সিটির সঙ্গে এমবাপ্পের ব্যক্তিগত আবেগও জড়িত। তাঁর জীবন নিয়ে প্রকাশিত কমিক বই Je m’appelle Kylian (২০২১) এর একটি দৃশ্যে দেখা যায়, শৈশবে এমবাপ্পে বড়দিনের উপহার হিসেবে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি পেয়েছিলেন। ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনি দীর্ঘদিন ধরে ১০ নম্বর জার্সি পরে খেলছেন, যার মাধ্যমে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন এবং ২০২২ সালে রানার্স-আপ হয়েছেন।

আরও পড়ুন: এমএলএসে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মেসি ও আলবা

রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির ইতিহাস গৌরবময়। রেমন্ড কোপা, ফেরেঙ্ক পুসকাস, গিওর্গি হ্যাজি, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিলের মতো কিংবদন্তিরা এই জার্সি পরে ক্লাবের গৌরব বাড়িয়েছেন। এমবাপ্পে ক্লাব ফুটবলে সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেছিলেন মোনাকোতে। পিএসজিতে তিনি প্রথমে ২৯, তারপর ১৭ এবং পরে ৭ নম্বর জার্সি পরেন, যেখানে তিনি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (২৫৬ গোল) হয়েছেন।

২০২৪-২৫ মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ৯ নম্বর জার্সি পরে ৪৪ গোল করেন, লা লিগায় সর্বোচ্চ ৩১ গোলসহ ইউরোপিয়ান গোল্ডেন বুট এবং পিচিচি ট্রফি জিতেছেন। ১০ নম্বর জার্সির দায়িত্ব নিয়ে তিনি এখন ক্লাবের নতুন যুগের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায়। এই সিদ্ধান্ত ক্লাবের বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এমবাপ্পের জার্সি বিক্রি রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *