এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল এফসি গোয়ার বিপক্ষে এই ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর দল সৌদি আরবের আল নাসর। ভারতীয় সংবাদমাধ্যম ম্যাচটিকে ইতিমধ্যেই ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ ‘ডি’-তে আল নাসরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হয়েছে এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলোল, এবং ইরাকের আল-জাওরা। আটটি গ্রুপের শীর্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে।
প্রথম লেগে ২২ অক্টোবর ২০২৫, গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে আল নাসর। এই ম্যাচে রোনালদোর ভারতে খেলার সম্ভাবনা রয়েছে। ফিরতি লেগে ৫ নভেম্বর ২০২৫, রিয়াদে আল নাসরের ঘরের মাঠে এফসি গোয়ার বিপক্ষে খেলবে।
আরও পড়ুন: ব্যালন ডি’অরকে মনগড়া বললেন ক্রিস্টিয়ানো রোনালদো
এফসি গোয়ার সিইও রবি পুস্কুর এই ম্যাচকে “ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি ভারতীয় ফুটবলের জন্য বিশ্ব মঞ্চে নজর কাড়ার সুযোগ।” তিনি আরও জানান, এই ম্যাচ ভারতীয় ফুটবলে বিনিয়োগ ও জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















































































































































































































































































































































































































































