বসুন্ধরা কিংস-newsedge24
  • August 18, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস সাবেক কোচ ভ্যালেরিও তিতা এবং ফরাসি ফিটনেস ট্রেইনার খলিল চাকরৌনের বকেয়া অর্থের অভিযোগে ফিফার তদন্তের মুখে পড়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ক্লাবটিকে অভিযোগের জবাব দিতে ২৭ আগস্ট ২০২৫ পর্যন্ত সময় দিয়েছে।

গত বছরের জুলাইয়ে বসুন্ধরা কিংসের দায়িত্ব নিয়ে রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা ক্লাবটিকে চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় তাকে ছাঁটাই করা হয়। তিতা এবং চাকরৌন উভয়েই দাবি করেছেন, ক্লাব তাদের তিন মাসের বেতন, বোনাস এবং অন্যান্য সুবিধা পরিশোধ করেনি। তিতা আরও অভিযোগ করেন, তাকে নিজের পকেট থেকে বিমানভাড়া পরিশোধ করতে হয়েছে।

বর্তমানে ওমানের ক্লাব আল-সিবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিতা। তিনি গণমাধ্যমকে বলেন, “আমার আইনজীবী জানিয়েছেন, ফিফা আমাদের অভিযোগের ভিত্তিতে কিংসের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং তাদের ২৭ আগস্টের মধ্যে জবাব দিতে বলেছে।”

ফিফার প্রক্রিয়া অনুযায়ী, অভিযোগ গ্রহণের পর প্রমাণাদিসহ উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। এটি না করলে ফিফা তিন ধরনের শাস্তি আরোপ করতে পারে- ট্রান্সফার নিষেধাজ্ঞা, লিগ পয়েন্ট কাটা, অথবা লিগ থেকে অবনমন।

আরও পড়ুন: ফুটবলে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তন আসছে

যদি বসুন্ধরা কিংস যথাযথ প্রমাণ উপস্থাপন করে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে ফিফা আবেদন খারিজ করে দেবে। এ বিষয়ে ক্লাবের চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত মৌসুমে তারা শিরোপা হারায় এবং আর্থিক সমস্যার কারণে কয়েকজন বিদেশি খেলোয়াড়ও ক্লাব ছেড়ে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *