ব্যাটিংয়ে-ব্যর্থ-সাকিব-newsedge24
  • August 21, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার সকালের ম্যাচে (বাংলাদেশ সময়) তিনি ১৩ বলে মাত্র ৭ রান করে আউট হন। তবে বোলিংয়ে নিজের প্রথম উইকেট তুলে নিয়ে দলের জয়ে অবদান রাখেন। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস এই ম্যাচে ৮ রানের জয় তুলে নেয়।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিবের দল ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের শীর্ষ চার ব্যাটার কেউই বড় রান করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব প্রথম ৮ বলে মাত্র ২ রান করেন। সুনীল নারাইনের বলে ব্যাটের কানায় লেগে একটি চার পেলেও পরের ওভারে উসমান তারিকের স্পিনে ক্যাচ দিয়ে ফিরে যান। এই আসরে সাকিবের ব্যাটিং পারফরম্যান্স এখন পর্যন্ত হতাশাজনক। মোট তিন ইনিংসে ৪২ বলে ৩১ রান করেছেন তিনি, যা তার ক্যালিবারের একজন ব্যাটারের কাছ থেকে প্রত্যাশিত নয়।

বোলিংয়ে এসে সাকিব ত্রয়োদশ ওভারে ড্যারেন ব্রাভোকে (৮ বলে ২ রান) ফিরিয়ে আসরে নিজের প্রথম উইকেট তুলে নেন। তিনি ১ ওভারে মাত্র ২ রান দেন। এই উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৪৯৯-এ পৌঁছেছে, ৫০০ উইকেটের মাইলফলক থেকে তিনি এখন মাত্র এক উইকেট দূরে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মাইনর লিগে যোগ দিলেন সাকিব

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ১৬৭ রানের জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স ২০ ওভারে ১৫৯ রানে থামে। ত্রিনবাগোর ওপেনার কলিন মানরো ১৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল, কিন্তু শামার স্প্রিঙ্গারের দুর্দান্ত বোলিংয়ে কাইরন পোলার্ড টানা চার বলে রান নিতে ব্যর্থ হন। শেষ বলে একটি চার হলেও ত্রিনবাগো ৮ রানে হারে।

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সাকিবের দল তাদের পরবর্তী ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *