নেইমার-ভিনিসিয়ুস-newsedge24
  • August 26, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রের জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। চোটের কারণে এবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি এই সান্তোস তারকার। সোমবার (২৬ আগস্ট ২০২৫) রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য ২৫ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। নেইমারের পাশাপাশি দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনের সময় ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। পরীক্ষা-নিরীক্ষার পর তার মাংসপেশিতে চোট ধরা পড়ে, যার ফলে তিনি হাঁটতেও সমস্যায় পড়েন। সান্তোস কর্তৃপক্ষ এই তথ্য ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানায়। কোচ আনচেলোত্তি সংবাদ সম্মেলনে বলেন, “গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়েছেন। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে।” তিনি আরও যোগ করেন, “নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কী করতে পারে। তাকে সেরা অবস্থায় জাতীয় দলে ফিরতে হবে।”

স্প্যানিশ সংবাদমাধ্যমে কয়েকদিন আগেই জানানো হয়েছিল, আনচেলোত্তি চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে দলে রাখবেন না। এর সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে, গত মৌসুম থেকে রিয়ালের খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের অভাব। আনচেলোত্তি নিজে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই এ বিষয়ে তিনি ভালোভাবে ওয়াকিবহাল। তবে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে সরাসরি কিছু না বললেও রদ্রিগোর প্রশংসা করে বলেন, “রদ্রিগোর সামর্থ্যে আমি মুগ্ধ। গতকাল সে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলেছে। অনেক দিন পর সে প্রথম ম্যাচ খেলল। তার হাতে সময় আছে নিজেকে প্রস্তুত করে জাতীয় দলে ফিরে আসার।”

আরও পড়ুন: সান্তোসের বড় পরাজয়,হতাশায় কাদলেন নেইমার

আনচেলোত্তি এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছেন। রক্ষণে আছেন আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস, মাঝমাঠে ফিরেছেন লুকাস পাকেতা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন গত জুলাইয়ে পাকেতার ওপর থেকে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেওয়ার পর এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো, আলেক্সান্দ্রো রিবেইরো এবং ফরোয়ার্ড অ্যান্টোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *