পেশাদার ফুটবলে অবশেষে জাতীয় দলে ডাক পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার জেড স্পেন্স। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে এর আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কখনো কথাই হয়নি। তাই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত স্পেন্স। এরপর তিনি জানতে পারেন, মাঠে নামলে তিনি ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন। এই খবরে তিনি একই সঙ্গে গর্বিত ও বিস্মিত।
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন জেড স্পেন্স। তিনি জানান, টুখেলের সঙ্গে এর আগে কোনো যোগাযোগ না থাকায় এই ডাক তার কাছে অবাক করা। আরও বড় বিস্ময়, তিনি হতে চলেছেন ইংল্যান্ডের পুরুষদের মূল দলে প্রথম মুসলিম ফুটবলার। স্পেন্সের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। তার মা কেনিয়ার এবং বাবা জ্যামাইকান। তার বড় বোন কার্লা-সিমোন স্পেন্স একজন জনপ্রিয় অভিনেত্রী।
২০২৪-২৫ মৌসুমে টটেনহ্যামের হয়ে তিনি মাত্র ৬৪ মিনিট মাঠে ছিলেন। কিন্তু এরপর থেকে তিনি ইংলিশ জায়ান্টদের ২২টি ম্যাচের ১৯টিতেই পুরো সময় খেলেছেন। এই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের দরজা খুলে গেছে। এর আগে ২০২২ সালে তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।
আরও পড়ুন: নেপালের বিপক্ষে ম্যাচে খেলবেন না হামজা চৌধুরী
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সাধারণত খেলোয়াড়দের ধর্মীয় তথ্য সংরক্ষণ করে না। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন্সই হবেন ইংল্যান্ডের হয়ে খেলতে নামা প্রথম মুসলিম ফুটবলার। এই খবর জানার পর থেকে আনন্দে আত্মহারা এই রক্ষণভাগের খেলোয়াড়। জেড স্পেন্স বলেন, ‘এটি একটি আশীর্বাদ, অসাধারণ। জানার পর খুবই অবাক হয়েছি যে, আমিই প্রথম। দারুণ ব্যাপার। আসলে ভাষা হারিয়ে ফেলেছি।’
তিনি বলেন, ‘প্রথম বিষয়টি হলো, আল্লাহই সর্বশক্তিমান। আমি অনেক প্রার্থনা করি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। জীবনের সবচেয়ে কঠিন সময়ে, অন্ধকার সময়ে, সবসময় বিশ্বাস করেছি যে আল্লাহ আমার সঙ্গে আছেন।’
ইংল্যান্ড আগামী শনিবার অ্যান্ডোরাকে আতিথ্য দেবে এবং ১০ সেপ্টেম্বর সার্বিয়ার মাঠে খেলতে নামবে। এই ম্যাচগুলোর মাধ্যমে স্পেন্স ইতিহাসে নাম লেখাতে প্রস্তুত।



















































































































































































































































































































































































































































