জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে-newsedge24

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার জন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত হয় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅধিকার পরিষদের একটি সংহতি সমাবেশ থেকে। সমাবেশটি তিন দফা দাবিতে আয়োজিত হয়, যার মধ্যে ছিল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং নুরের ওপর হামলার তদন্তে কমিটি গঠন।

সমাবেশ শেষে কিছু নেতাকর্মী শাহবাগ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। দলের জ্যেষ্ঠ নেতারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও, প্রায় ২০ মিনিট পর পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এরপর বিক্ষোভকারীরা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন এবং জাপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

আরও পড়ুন: নাশকতার পরিকল্পনায় সাবেক এমপি সহ আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

জাপার একজন শীর্ষ নেতা বলেন, “একটা গোষ্ঠী চাচ্ছে এখানে লাশ পড়ুক। কিন্তু জাপা কারও উসকানিতে পা দেবে না। জাতীয় পার্টি এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।” জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, “আমি পার্টি অফিসে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে তারপর বক্তব্য দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *