চিন্তাবিদ, লেখক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) এক শোকবার্তায় তিনি বদরুদ্দীন উমরের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা বদরুদ্দীন উমর ছিলেন মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা আমাদের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “বদরুদ্দীন উমর ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তিনি জুলাই আন্দোলনকে উপমহাদেশের একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি হিসেবে তিনি শুধু একজন তাত্ত্বিকই ছিলেন না, ছিলেন একজন অক্লান্ত সংগ্রামী, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন।”
বদরুদ্দীন উমরের মৃত্যুকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, “তাঁর লেখনী ও জীবনদর্শন ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য এক অনন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে।” তিনি শোকবার্তায় বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: মারা গেলেন বদরুদ্দীন উমর
জাতীয় পর্যায়ে তাঁর গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার বদরুদ্দীন উমরকে ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে। তবে তিনি এই পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। এ জন্য তাদের ধন্যবাদ। কিন্তু এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।”
৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































