এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই হারে মূল পর্বে খেলার স্বপ্ন আগেই ভেঙে গেলেও, গ্রুপ ‘সি’ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের যুব দল।
মঙ্গলবার ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল পায়নি। বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় লাল-সবুজের দল। ম্যাচের ৭০তম মিনিটে ফাহামিদুল প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে স্কোরলাইন ওপেন করেন। মাত্র দুই মিনিট পর ৭২তম মিনিটে আল আমিন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
আরও পড়ুন: ভারতকে ৪-৩ গোলে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়
৮০তম মিনিটে সিঙ্গাপুরের কর্নার থেকে বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশ। সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে মহসিন আহমেদ কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন। এর দুই মিনিট পর, ৮২তম মিনিটে শেখ মোরসালিন ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ৪-০ করেন। অতিরিক্ত সময়ে সিঙ্গাপুরের নাদিম রাহিম একটি সান্ত্বনাসূচক গোল করেন।



















































































































































































































































































































































































































































