ইংল্যান্ডের ব্যাটিং টর্নেডো-newsedge24
  • September 13, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

ওল্ড ট্রাফোর্ডে গতকাল ইংল্যান্ডের ব্যাটিং ঝড়কে টর্নেডো বললেও কম বলা হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও জস বাটলারের তাণ্ডবে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই প্রথম ৩০০ রান ছোঁয়া ইনিংস। ফিল সল্টের রেকর্ড গড়া সেঞ্চুরিসহ এ ম্যাচে রেকর্ডের বন্যা বয়ে গেছে।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড প্রথম ওভারেই ১৮ রান তুলে ঝড়ের সূচনা করে। বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত রান যোগ হতে থাকে। সল্ট ও বাটলারের উদ্বোধনী জুটি মাত্র ২০ বলে ৫০ রান তুলে নেয়, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম ফিফটি। ৩০ বলে ৮৩ রান করে বাটলার ফিরলেও, সল্ট হাত খোলেন পুরোদমে। ৩৯ বলে শতক হাঁকিয়ে ইংল্যান্ডের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৬০ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। এটি ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, যা সল্টেরই আগের ১১৯ রানের রেকর্ড ছাড়িয়ে যায়। বাবর আজমের ১২২ রানের রেকর্ডকেও পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সল্ট।

ইংল্যান্ডের ইনিংসে ৩০টি চার ও ১৮টি ছক্কা থেকে ২২৮ রান আসে, যা তাদের মোট রানের ৭৫%। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ বাউন্ডারি রানের রেকর্ড। দলীয় সংগ্রহ হিসেবে এটি ইংল্যান্ডের সীমিত ওভারের ইতিহাসে সর্বোচ্চ এবং টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরুতে ভালো করলেও ১৬.১ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায়। তাদের বোলারদের জন্য রাতটি ছিল দুঃস্বপ্নের। কাগিসো রাবাদা ৪ ওভারে ৭০, লিজাড উইলিয়ামস ৩ ওভারে ৬২ এবং মার্কো ইয়ানসেন ৪ ওভারে ৬০ রান দেন। এটিই প্রথমবার একই টি-টোয়েন্টি ম্যাচে এক দলের তিন বোলার ৬০ বা তার বেশি রান দিলেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন তাইজুল

দুই দল মিলে ম্যাচে মোট ৪৬২ রান ওঠে, যা ইংল্যান্ডের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ১৪৬ রানের এই জয় ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানের জয়, এবং দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় হার। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *