ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) পাঁচ বছর পর সিপিএলে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। অন্যদিকে, টানা দুই বছর ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশ সময় আজ সকালের ফাইনাল ম্যাচে প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে গায়ানা। রান তাড়ায় ১২ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ত্রিনবাগো।
এর আগে সবশেষ ২০২০ সালে শিরোপা জেতে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০২৩ সালে শেষবার ফাইনালে উঠে তারা ৯ উইকেটে হার দেখে এই গায়ানার কাছেই। এবার তারই প্রতিশোধ তুলে নিল অধিনায়ক নিকোলাস পুরানরা। ২০২০-এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ সালে শিরোপা জেতে নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন এ ফ্র্যাঞ্চাইজি।
এদিনের ম্যাচটি ছিল গায়ানার ঘরের মাঠে। প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন গায়ানা অধিনায়ক ইমরান তাহির। নিজেদের মাঠে সমর্থন বেশি থাকলেও দর্শকদের মাতাতে পারেনি গায়ানা। প্রথম ওভারেই ওপেনার কুয়েন্টিন স্যাম্পসনকে রানের খাতা খুলতে না দিয়েই সাজঘরে পাঠান আন্দ্রে রাসেল। গায়ানার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ছয়ে নামা ইফতেখার আহমেদ। আরেক ওপেনার বেন ম্যাকডারমট করেন ১৭ বলে ২৮ রান। ডিওয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৩ রান।
বল হাতে নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত পেসার সৌরভ নেত্রভলকার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন এ বাঁহাতি পেসার। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন সৌরভ। ২ উইকেট নেন আকিল হোসেন।
রান তাড়ায় ঝড়োয় ব্যাটিং করলেও বেশিক্ষণ টিকতে পারেননি কলিন মুনরো, করেন ১৫ বলে ২৩ রান। আরেক ওপেনার অ্যালেক্স হেলস ২৬ রান করলেও খেলেন ৩৪ বল। স্রেফ ১ রানে ফিরে যান অধিনায়ক পুরান। তবে সুনিল নারায়ণ ও কাইরন পোলার্ডের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। নারায়ণ ২২ ও পোলার্ড ২১ রানে আউট হন। শেষদিকে ৭ বলে ১৬ রানে অপরাজিত থেকে ত্রিনবাগোর জয় নিশ্চিত করেন আকিল। ২ উইকেট ও ১৬* রানে ফাইনালের সেরা আকিলই। আর ৩৮৩ রান ও ১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা পোলার্ড।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা আর নেই: সূর্যকুমার
এই জয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স সিপিএল ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির মর্যাদা আরও দৃঢ় করেছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জন্য এটি ছিল হতাশাজনক পরাজয়, যারা টানা দুই বছর ফাইনালে পৌঁছে শিরোপা ব্যর্থ হয়েছে।



















































































































































































































































































































































































































































