আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এক বাঁচা-মরার লড়াইয়ে।এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্ব উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে। দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে রয়েছে। ফলে এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে, আর পরাজিত দলের শিরোপার আশা প্রায় শেষ হয়ে যাবে।
শ্রীলঙ্কা গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে ছিল। তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষ দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নেয়। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটের হারে তাদের অপরাজিত ধারা ভেঙে যায়। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার ঝোড়ো হাফসেঞ্চুরির সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তুলেছিল। শানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন।
কিন্তু শ্রীলঙ্কার এই লড়াকু সংগ্রহও বাংলাদেশের ব্যাটারদের সামনে টিকতে পারেনি। সাইফ হাসান ৪৫ বলে ৬১ রান এবং তাওহিদ হৃদয় ৩৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচটি একতরফা করে দেন। বাংলাদেশ ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা আজ পাকিস্তানের বিপক্ষে মরিয়া। জয় ছাড়া তাদের ফাইনালের পথ প্রায় বন্ধ।
পাকিস্তানও একই অবস্থায় রয়েছে। সুপার ফোরে ভারতের কাছে হেরে তাদের শিরোপার পথ জটিল হয়ে উঠেছে। গ্রুপ পর্বে দুই জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে চাপে পড়েছে।
বাঁচা-মরার এই ম্যাচে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত। আবুধাবির পিচে ব্যাটিং-বান্ধব কন্ডিশন থাকলেও সন্ধ্যার খেলায় ডিউ ফ্যাক্টর বোলারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। ক্রিকইনফোর তথ্যানুযায়ী, দুই দলের মধ্যে শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে ১৩-১০ ব্যবধানে এগিয়ে।



















































































































































































































































































































































































































































