এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে ১১ রানে হেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ রানের কম লক্ষ্য তাড়ায় ব্যর্থতার এটি মাত্র দ্বিতীয় ঘটনা। বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেছে।
গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ পাকিস্তানকে ১৩৫/৮ রানে আটকে দেয়। তাসকিন আহমেদ ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন, রিশাদ হোসেন নেন ২ উইকেট। কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশ ১২৪ রানে অলআউট হয়ে যায়। শামিম হোসেন ৩০ রান করলেও অন্য ব্যাটাররা ধারাবাহিকতা দেখাতে পারেননি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (৩/১৭) এবং হারিস রউফ (৩/৩৩) দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতিকে পাকিস্তানের বিপক্ষে হারের বড় কারণ হিসেবে উল্লেখ করেন। চোটের কারণে লিটন ম্যাচে না থাকায় দল তার শূন্যতা পূরণ করতে পারেনি। সিমন্স বলেন, “আমরা প্রথম দুই ম্যাচে ১৬০+ স্কোর তাড়া করেছি। আসলে আমরা এখনও এমন দল হইনি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূরণ করে ফেলবো। ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারানো আমাদের জন্য বড় ধাক্কা ছিল।”
আরও পড়ুন: টানা দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়: ফিল সিমন্স
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নতির জন্য আরও আন্তর্জাতিক ম্যাচ খেলা জরুরি। “আমরা যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবো, তত দ্রুত আমাদের গ্যাপ কমে আসবে। ছেলেদের স্ট্রাইক রেট ১২৬-১৩০, এটা ঠিক আছে। ছক্কা হাঁকানোতে আমরা শীর্ষে। কিন্তু সমস্যা হচ্ছে লম্বা সময় ব্যাট করতে না পারা এবং ভালো জুটি গড়তে না পারা।” সিমন্স ক্যাচ মিসকেও হারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।


















































































































































































































































































































































































































































