ইন্টার মায়ামি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠেছে। শনিবার রাতে চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্স শিরোপা নিশ্চিত করেছে দলটি। আগামী শনিবার ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে আতিথ্য দেবে মেসির মায়ামি।
নিয়মিত মৌসুমে বেশি পয়েন্ট সংগ্রহ করে ফাইনাল আয়োজনের সুবিধা পেয়েছে মায়ামি। পূর্বাঞ্চলে ৬৫ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে শেষ করে। অন্যদিকে ৬৩ পয়েন্টের ভ্যাঙ্কুভার শনিবার সান দিয়েগো এফসিকে ৩-১ গোলে হারিয়ে পশ্চিমাঞ্চলীয় শিরোপা জিতেছে।
কনফারেন্স ফাইনালে আক্রমণের মূল নায়ক ছিলেন তাদেও আলেন্দে। ম্যাচের প্রথম ২৩ মিনিটে দলের তিন গোলের দুটি করেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। হাফটাইমের ঠিক আগে জাস্টিন হাকের গোলে নিউইয়র্ক ম্যাচে ফিরে আসে (২-১)। কিন্তু মায়ামির রক্ষণভাগ ও গোলরক্ষক রোক্কো রিওস নোভো আর কোনো সুযোগ দেয়নি।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মাতেও সিলভেটির (মেসির অ্যাসিস্টে গোল (৩-১), ৬২ মিনিটে আলেন্দের হ্যাটট্রিক (৪-১) এবং ৭৪ মিনিটে তেলাস্কো সেগোভিয়া (৫-১)। সেলতা ভিগো থেকে ধারে আসা ২৬ বছর বয়সী আলেন্দ ম্যাচসেরা নির্বাচিত হন। প্লে-অফে আট গোলের মধ্যে তিনটি ছিল মাল্টিগোল পারফরম্যান্স।
এর আগে প্রথম রাউন্ডে ন্যাশভিল এফসিকে এবং সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে হারিয়েছে মায়ামি। ২০২৪, ২০২২ ও ২০২০ মৌসুমে প্রথম রাউন্ডেই বিদায় নেয় দলটি।
মেসি-মাসচেরানোর ম্যাজিক
ম্যাচ উপভোগ করতে মাঠে ছিলেন টেনিস তারকা কার্লোস আলকারাজ ও যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের কয়েকজন সদস্য। ম্যাচের পর কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “শুধু লিওকে নয়, পুরো দলকে কোচিং করানো আমার জন্য বড় সম্মান। মেসি প্রতি সপ্তাহেই ম্যাজিক দেখায়। আজও বল ছাড়া দারুণ পরিশ্রম করেছে। বল পায়ে সে যা করে, তা তো আগেই প্রমাণিত।”
আরও পড়ুন: খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির
ফাইনালে জিতলে মেসির দল প্রথমবার এমএলএস কাপ শিরোপা জিতবে।



















































































































































































































































































































































































































































