ঋতুপর্ণা চাকমা-newsedge24
  • December 9, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

এ বছর ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে বেগম রোকেয়া পদক-২০২৫ লাভ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজ হাতে ঋতুপর্ণার হাতে পদক তুলে দেন। নারীশিক্ষা, নারী অধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের জন্য এ বছর চার নারীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ৩৩ ম্যাচে ১৩ গোল করেছেন। ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে সর্বোচ্চ ৫ গোল করে দলকে মূল পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাংলা সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে। এই ঐতিহাসিক সাফল্যে ঋতুপর্ণার অবদান অসাধারণ। এর আগে জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক দেওয়া হয়েছিল; এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পেয়ে তিনি আরও একটি মাইলফলক স্পর্শ করলেন।

পদক গ্রহণের পর ঋতুপর্ণা চাকমা বলেন, “এই পুরস্কার আমার একার নয়—আমার দল, কোচ এবং পার্বত্য অঞ্চলের মেয়েদের জন্য। আমি প্রমাণ করতে চাই, পাহাড়ের মেয়েরাও স্বপ্ন দেখতে পারে, সেটা পূরণও করতে পারে।”

বেগম রোকেয়ার ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকীতে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, দুদক চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *