গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদীর ওপর হামলাকে ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ অভিহিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে ‘ক্ষমতাচ্যুত শক্তির বানচাল চক্রান্ত’ রুখতে আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অংশ নেন। বৈঠকে দলগুলো নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত ঠেকাতে মতবিরোধ ভুলে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেএর। এছাড়াও সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “হাদীর ওপর হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। উদ্দেশ্য—নির্বাচন না হতে দেওয়া। তারা শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের আয়োজন ভেস্তে দিতে চায়। প্রশিক্ষিত শুটার নিয়ে তারা মাঠে নেমেছে।”
তিনি বলেন, “নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ুক। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণের সংস্কৃতি থেকে সরে আসতে হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে।”
দলীয় নেতাদের প্রতিক্রিয়া
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন “পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দোষারোপ থেকে বিরত থাকুন। জাতি ও জুলাইয়ের স্বার্থে ঐক্য জরুরি। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করুন।”
জামায়াতের গোলাম পরওয়ার বলেন, “সাম্প্রতিক বক্তব্যে দোষারোপ বেড়েছে, যা বিরোধীদের সুযোগ দিয়েছে। ক্ষুদ্র স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানাবেন না।”
এনসিপির নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানকে খাটো করতে সুসংগঠিত ক্যাম্পেইন চলছে। মিডিয়া, প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের অপতৎপরতা চলছে। জুলাইকে সবাই মিলে ওউন করুন। ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে পরাজয় দেখছে।” হাসনাত আবদুল্লাহ বলেন, “নিজেরা ঐক্যবদ্ধ না হলে নিরাপত্তা কাজে আসবে না। কিছু দল আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে।”
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে হাদীর পরিবারের সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস
বৈঠকের আগে হাদীর পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাদী এখনো এভারকেয়ারে লাইফ সাপোর্টে। ডিএমপি হামলাকারীদের একজনকে শনাক্ত করে তথ্যদাতাকে পুরস্কার ঘোষণা করেছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































