রাফিনহা ও লামিনে ইয়ামালের গোলে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। রবিবার রাতে ‘এস্তাদিও দে লা সেরামিকা’য় এই জয়ে টানা অষ্টম লিগ জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪-এ বাড়াল কাতালানরা। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ১৫ জয় ও ১ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ২০২৫ সাল শেষ করল হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। ১০ম মিনিটে বক্সের ভিতর রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৩৯তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। লামিনে ইয়ামালকে বিপজ্জনক ফাউলে সরাসরি লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। ফলে বাকি ৫০ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে লড়তে হয় ভিয়ারিয়ালকে।
দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে ৬৩তম মিনিটে জয় নিশ্চিত করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। চলতি লিগে এটি তার সপ্তম গোল।
বার্সেলোনার রক্ষণভাগ মাঝে মধ্যে খেই হারালেও ভাগ্য সহায় ছিল। ১৭ মিনিটে জুল কুন্দের আত্মঘাতী গোল অফসাইডে বাতিল হয়। ৩৬ মিনিটে আলেহান্দ্রো বালদের ভুল থেকে গোল হজমের শঙ্কা তৈরি হলেও গোলরক্ষকের দুর্দান্ত সেভে রক্ষা পায় দল।
আরও পড়ুন: সৌদি প্রো লীগে দেখা যেতে পারে মোহামেদ সালাহকে
শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। দারুণ এই জয়ের স্মৃতি নিয়ে ছুটিতে যাচ্ছে ফ্লিক-বাহিনী। আগামী ৩ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে ২০২৬ সালের মিশন শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা।



















































































































































































































































































































































































































































