হাতিয়া -newsedge4

নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম জাগলার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের ‘সামছু বাহিনী’ নামে একটি গ্রুপ ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরপর সুখচর ইউনিয়নের ‘আলাউদ্দিন বাহিনী’ একই জমি আরও বেশি দামে বিক্রি করতে তৎপর হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিনসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের লাশ ঘটনাস্থলে পড়ে ছিল।

আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনা: নিহত ৩

নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অন্য নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *