ঢাকা ক্যাপিটালসের জয়-newsedge24
  • December 28, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

প্রয়াত সহকারী কোচ মাহবুব আলী জাকির শোকে ভারাক্রান্ত হয়ে মাঠে নেমেও ঢাকা ক্যাপিটালস জয় তুলে নিয়েছে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে এই জয় প্রয়াত কোচকে উৎসর্গ করেছে দলটি। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাকে মারা যান ৫৯ বছর বয়সী সাবেক জাতীয় পেসার ও ঢাকা ক্যাপিটালসের বোলিং কোচ মাহবুব আলী জাকি।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তোলে ১৩২ রান। ইমাদ ওয়াসিম ৩টি ও নাসির হোসেন ২টি উইকেট নেন। রাজশাহীর হয়ে মোহাম্মদ নাওয়াজ ২৬ বলে ২৬, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪, তানজিদ হাসান ১৫ বলে ২০ এবং ইয়াসির আলী ১৫ বলে ১৩ রান করেন।

১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে সাইফ হাসানের উইকেট হারালেও উসমান খান (১৮) ও আব্দুল্লাহ আল মামুনের (৪৫) জুটিতে ম্যাচে ফেরে ঢাকা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) ও নাসির হোসেন (১৯) বড় অবদান রাখতে না পারলেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি (১৩ বলে অপরাজিত ১৭) ও সাব্বির রহমানের (১০ বলে অপরাজিত ২১) অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটিতে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

রাজশাহীর হয়ে মোহাম্মদ নাওয়াজ ৩টি, তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *