নেইমার জুনিয়র-newsedge24
  • January 1, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কিংবা ইউরোপে ফেরার জল্পনার অবসান ঘটিয়ে শৈশবের ক্লাব সান্তোসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জানুয়ারি ২০২৫-এ সান্তোসে ফিরে আসা এই অভিজ্ঞ ফরোয়ার্ড এমন একটি চুক্তিতে সম্মত হয়েছেন, যা তাকে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্ব এবং একই বছরের শেষ পর্যন্ত ভিলা বেলমিরোতেই রাখবে।

ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া মাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, নেইমার ও সান্তোসের মধ্যে এমন একটি সমঝোতা হয়েছে যার ফলে তিনি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সান্তোসেই থাকবেন। একপর্যায়ে মনে হচ্ছিল, ফ্রি এজেন্ট হওয়ার পর ৩৩ বছর বয়সী এই প্লেমেকার নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন। কিন্তু বর্তমানে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা নেইমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে থাকার সুযোগ থাকায় পরিচিত পরিবেশেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

সান্তোস তাদের অধিনায়ক ও দলের প্রাণভোমরাকে ধরে রাখতে পেরে আনন্দিত। যদিও গ্লোবো জানিয়েছে, নেইমারের মাসিক খরচ ক্লাবটির জন্য “চার বা পাঁচজন নিয়মিত খেলোয়াড়ের সমান”। এর পাশাপাশি তার ইমেজ রাইটস সংক্রান্ত এনআর স্পোর্টসের সঙ্গে আলাদা একটি চুক্তিও রয়েছে, যা তার আয়ের পরিমাণ আরও বাড়ায়।

২০২৫ মৌসুমের শেষটা দারুণভাবে শেষ করেই নতুন চুক্তিতে রাজি হন নেইমার। রেলিগেশন শঙ্কা থেকে সান্তোসকে মুক্ত করতে বড় ভূমিকা রাখেন তিনি। নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরার পর সাত ম্যাচে পাঁচ গোল করেন, যার মধ্যে জুভেনতুদের বিপক্ষে একটি হ্যাটট্রিকও রয়েছে।

বিশ্বকাপের বছরে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নতুন করে ক্যারিয়ার শুরু করবেন কি না—এ নিয়ে নিয়মিত প্রশ্ন উঠছিল। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নিয়মিত খেলা যে জরুরি, সেটাও স্পষ্ট।

আরও পড়ুন: মেসির আরেকটি রেকর্ড ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার—১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর আর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। তবুও আরেকবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্প্রতি সাংবাদিকদের তিনি বলেন, “এই বিশ্বকাপটি ব্রাজিলে ফেরাতে আমরা সবকিছু করব—সম্ভব, এমনকি অসম্ভবও।” ফাইনালে খেলার প্রসঙ্গে যোগ করেন, “যদি আমরা ফাইনালে পৌঁছাই, আমি কথা দিচ্ছি—আমি গোল করব।”

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফেরার দরজা খোলা রেখেছেন। তবে আবেগের জায়গা থেকে নয়, যোগ্যতার ভিত্তিতেই দল নির্বাচন হবে—এ কথাও স্পষ্ট করেছেন তিনি। আনচেলত্তি বলেন, “নেইমার নিয়ে কথা বললে অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। আমাদের ব্রাজিলকে নিয়ে ভাবতে হবে—নেইমারকে নিয়ে বা ছাড়াই, অন্য খেলোয়াড়দের নিয়ে বা ছাড়াই। মার্চের ফিফা উইন্ডোর পর চূড়ান্ত তালিকা করা হবে। আমি বুঝি মানুষ নেইমারকে নিয়ে খুব আগ্রহী। কিন্তু এখন ডিসেম্বর, বিশ্বকাপ জুনে। মে মাসে আমি বিশ্বকাপে যাওয়ার দল নির্বাচন করব। নেইমার যদি যোগ্য হয়, যদি সে ফিট থাকে এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে খেলবে। আমি কারও কাছে ঋণী নই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *