রাজশাহী ওয়ারিয়র্স-newsedge4
  • January 23, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরির পর বোলারদের অসাধারণ নৈপুণ্যে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম ১৭.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়।

এ নিয়ে দ্বিতীয়বার রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপা জিতল। এর আগে ২০১৯ সালে রাজশাহী রয়্যালস নামে আরেক ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতেছিল। অন্যদিকে চট্টগ্রামের দল এবারও ফাইনালে উঠে শিরোপা বঞ্চিত হলো। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে চিটাগং কিংস নামে দল ফাইনালে উঠেও হেরেছিল।

ম্যাচের নায়ক তানজিদ হাসান তামিম। বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালে ক্রিস গেইল (রংপুর রাইডার্স) ও ২০১৯ সালে তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ফাইনালে সেঞ্চুরি করেছিলেন।

তানজিদ ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন। ১৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি চার। সেঞ্চুরির পরের বলেই মুকিদুল ইসলামের বলে আমেরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬২ বলে ১০০ রান করে মাঠ ছাড়েন। এটি বিপিএলে তার তৃতীয় সেঞ্চুরি এবং বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

রাজশাহী দারুণ সূচনা পায়। ওপেনার তানজিদ ও শাহিবজাদা ফারহান ১০.২ ওভারে ৮৩ রানের জুটি গড়েন। ফারহান ৩০ বলে ৩০ রান করে মুকিদুলের বলে আউট হন। দ্বিতীয় উইকেটে তানজিদ ও কেন উইলিয়ামসন ৩২ বলে ৪৭ রান যোগ করেন। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান (২ চার, ১ ছক্কা) করে শরিফুল ইসলামের শিকার হন। শেষ দিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১ রান করে আউট হন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে মুকিদুল ও শরিফুল ২টি করে উইকেট নেন।

১৭৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই উইকেট হারায় চট্টগ্রাম। বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ ও জেমস নিশামের তোপের মুখে কেউ দাঁড়াতে পারেনি। ওপেনার মির্জা বেগ সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান (২ চার, ১ ছক্কা) করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ২১ রান করেন আসিফ আলী। বাকিরা কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ

বিনুরা ৩ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন। হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট ও নিশাম ২ উইকেট দখল করেন।

রাজশাহী ওয়ারিয়র্সের এই জয় বিপিএলের ইতিহাসে রাজশাহী অঞ্চলের দ্বিতীয় শিরোপা। দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদের নৈপুণ্যে তারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *