মুশফিকুর রহীম-newsedge4
  • February 28, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর জেরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে চরম ভোগান্তিতে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহীম।

আজ শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশে থাকা অবস্থায় যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইসহ সংশ্লিষ্ট অঞ্চলের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানটি পুনরায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে।

বর্তমানে হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন মুশফিকুর রহীম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মুশফিক লিখেছেন: “আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ সকালে এমিরেটসের ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশের পথে রওনা হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ জানেন কখন এবং কীভাবে আমি অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় পৌঁছাতে পারবো। সবার কাছে দোয়া প্রার্থী।”

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েকশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা পথ পরিবর্তন করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও ওমরাহ যাত্রী আটকে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি কখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *