ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে “সবচেয়ে বিধ্বংসী অভিযান” শুরু করতে যাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে “যা পৃথিবী আগে কখনো দেখেনি”।
আজ রোববার সকালে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, “ইরান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমাদের লক্ষ্যবস্তু হবে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ড এবং আমেরিকার সন্ত্রাসী ঘাঁটিগুলো।” বিবৃতিতে আরও বলা হয়েছে, খামেনির শাহাদাতের প্রতিশোধ “অত্যন্ত কঠোর ও অভূতপূর্ব” হবে এবং শত্রুরা এর পরিণতি ভোগ করবে।
একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় লিখেছেন: “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তারা আজ অত্যন্ত কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছে, যা তাদের আগের যেকোনো হামলার চেয়েও ভয়াবহ হবে। আমি বলছি—তাদের জন্য এমনটি না করাই ভালো হবে। কারণ তারা যদি আক্রমণ করে, তবে আমরা তাদের ওপর এমন শক্তি প্রয়োগ করব যা পৃথিবী আগে কখনো দেখেনি।”
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। হামলায় তার মেয়ে, জামাতা এবং নাতনিও শহীদ হয়েছেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। অনেকে খামেনির ছবি হাতে “প্রতিশোধ, প্রতিশোধ” স্লোগান দিচ্ছেন। আইআরজিসি ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় মোতায়েন করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি বন্ধ রয়েছে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত। জেদ্দা, দুবাই, দাম্মামসহ বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার বাংলাদেশি ওমরাহ যাত্রী আটকে পড়েছেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































