এশিয়ান কাপের অভিষেক ম্যাচে নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হারলেও বাংলাদেশের মেয়েরা নিজেদের হার না মানা মানসিকতা দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষত রেখে লড়াই করেছেন আফঈদা-কোহাতি কিসুরারা। বিশ্বকাপে নিয়মিত খেলা চীনের বিপক্ষে ঋতুপর্ণাদের এমন পারফরম্যান্সে সবাই মুগ্ধ।
কিন্তু বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বক্তব্যে উঠেছে নতুন বিতর্ক। তিনি বাংলাদেশের প্রশংসা করলেও চীন দলকে খানিকটা দুর্বলভাবে আখ্যায়িত করেন। তার ভাষায়, “চীন দলে অনেক বেশি বয়স্ক খেলোয়াড়। তারা মাঝে-মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চীনের খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।”
কিরণের এই মন্তব্যের জবাবে আজ সিডনির কমব্যাংক স্টেডিয়ামে কোচ পিটার বাটলার সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মাহফুজা আক্তারের বক্তব্যকে “ননসেন্স” বলে উড়িয়ে দিয়ে বলেন:
“এটি সম্পূর্ণ আজেবাজে কথা। এটি আমার কাছে পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত ছিল—শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের প্রতিপক্ষের প্রতিও।”
কোচ আরও যোগ করেন: “ওটা একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লীগে খেলে। তাই আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল।”
আগামীকাল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কোচ বাটলারের কথায় স্পষ্ট—দল এখন আরও মনোযোগী এবং প্রস্তুত।



















































































































































































































































































































































































































































