বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নতুন ইতিহাস গড়তে চান। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, “রাওয়ালপিন্ডির জয় এখন ইতিহাস। সেই অধ্যায় শেষ। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই এবং শুক্রবারের ম্যাচের দিকে তাকিয়ে আছি।”
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আবারও লাল বলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে পুরোনো সাফল্য নিয়ে পড়ে থাকতে চান না সিমন্স। তিনি বলেন, অতীতে কী হয়েছে তা বর্তমান ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।
ফিল সিমন্স আরও জানান, সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু এই চাপ যেন দলের ওপর না পড়ে সেদিকে সতর্ক রয়েছেন তিনি। খেলোয়াড়রা শুধু নিজেদের প্রস্তুতি ও মাঠের কৌশল নিয়েই মনোযোগী।
সাম্প্রতিক সময়ে দল সাদা বলের ক্রিকেট খেললেও টেস্ট ফরম্যাটে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন সিমন্স। তার মতে, এটি মূলত মানসিক ব্যাপার এবং স্কোয়াডের অনেক খেলোয়াড় ইতোমধ্যে লাল বলে নিয়মিত অনুশীলন করছেন।



















































































































































































































































































































































































































































