নেইমার-nymar-newsedge24
  • June 9, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

ঊরুর চোট থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে। গত মাসে করা পরীক্ষায় নেইমারের পায়ে দ্বিতীয় মাত্রার (গ্রেড-২) পেশির চোট ধরা পড়ে। তখন ধারণা করা হয়েছিল তিনি অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। কিন্তু সোমবার নতুন করে পরীক্ষা-নিরীক্ষার পর সিবিএফ জানায়, তার অবস্থা পরিকল্পনা অনুযায়ী ভালোভাবে এগোচ্ছে।

সিবিএফ এক বিবৃতিতে বলেছে, “সর্বশেষ পরীক্ষায় চিকিৎসার অগ্রগতি ইতিবাচক দেখা গেছে এবং সবকিছু প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী চলছে।”

নেইমার চোটের কারণে ব্রাজিলের সাম্প্রতিক দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তবে তিনি আশা করছেন ১১ জুনের পর থেকে মাঠে ফিরতে পারবেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে তিনি আগামী সপ্তাহে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি

৩৪ বছর বয়সী নেইমার ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ। ফিফার এক পোস্টে তিনি ‘দ্য লাস্ট ড্যান্স’ মন্তব্যও করেছেন।

ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *