ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে সুপারস্টার ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই তারকা শনিবার মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে চোটের কারণে পারবেন না।
নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, নেইমার এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাই তিনি ম্যাচের জন্য নির্বাচিত হননি।
আনচেলত্তি জানান, নেইমার আগামী সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন। মে মাসের মাঝামাঝি ডান পায়ের কাফে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন এবং ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি।
আনচেলত্তি নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “নেইমার দ্রুত সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। আমরা তাকে শুধু তার অসাধারণ ফুটবল দক্ষতার জন্যই দলে ডেকেছি না, বরং তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা ও উদাহরণও গুরুত্বপূর্ণ।”
মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হাইতি এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি
আনচেলত্তি আরও বলেন, ব্রাজিল এবার প্রতিযোগিতায় শীর্ষ দলগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত এবং ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া আনচেলত্তি বলেন, ব্রাজিলের দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের জন্য এক অসাধারণ সম্মান ও বড় দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের বিশ্বকাপ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ব্রাজিল যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।


















































































































































































































































































































































































































































