চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনদুপুরে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং প্রয়াত খালেদ চৌধুরীর সন্তান। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।
হত্যার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলায় তীব্র ক্ষোভ দেখা দেয়। বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মী ও স্থানীয়রা কাপ্তাই সড়কের ইছাখালী (রাঙ্গুনিয়া) ও পাহাড়তলী (রাউজান) এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। দুপুর ১টার পর থেকে কাপ্তাই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন ও সড়ক অবরোধ চলবে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে।
রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই সড়কে উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।






























































































































































































































































































































































