ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে মিসর। অধিনায়ক মোহাম্মদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। ফলে আগামী ৩ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকাংশে বেড়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্পোকেনে দলের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে চোট পাওয়ার পর এটিই ছিল মাঠে তার প্রথম অনুশীলন।
ওই ম্যাচে ১-১ গোলের ড্রয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ এবং ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে নকআউট পর্বে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে অনুশীলনে ফেরায় মিসর শিবিরে ফিরেছে স্বস্তি।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহর অনুশীলনের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘দ্য কিং ইজ ব্যাক’ (রাজা ফিরে এসেছেন)। এই বার্তা সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
আরও পড়ুন: শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ ষোলোয় ব্রাজিল
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন সালাহ। গ্রুপপর্বের তিন ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে মিসর।
গ্রুপপর্বে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পর দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে আফ্রিকার এই দলটি।
আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে মিসর। সালাহ যদি পুরোপুরি ফিট হয়ে খেলতে পারেন, তাহলে দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন কোচিং স্টাফ ও সমর্থকরা।


















































































































































































































































































































































































































































