প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
নতুন তিনটি উপজেলা হলো:
- ফটিকছড়ি উত্তর উপজেলা: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত।
- বাঙ্গরা উপজেলা: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠিত।
- দক্ষিণ গফরগাঁও উপজেলা: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত।
এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে নতুন হালদা থানা।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল ১৫ শতাংশ
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যান্য মন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































