জেসুস দে মিগুয়েল-010297-NewsEdge24 copy
  • November 3, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

স্প্যানিশ ফুটবলজগৎ গভীর শোকে নিমজ্জিত। দেশটির দ্বিতীয় সারির লিগে অ্যান্ডোরার বিরুদ্ধে খেলতে নেমে মর্মান্তিক চোটের শিকার হয়ে মারা গেছেন টেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল আলামেদা। মঙ্গলবার সকালে ক্লাবটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল আটটার দিকে টেনেরিফের পক্ষ থেকে দুঃসংবাদ প্রকাশ করা হয়। ক্লাবের আবেগঘন বিবৃতিতে বলা হয়, ‘এই তীব্র ব্যথায় আমাদের বুক ভেঙে গেছে, ভাষা হারিয়ে গেছে এবং আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এটি সত্যি।’

হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে ঘটে এই দুর্ঘটনা। মাঝমাঠ থেকে কাউন্টার-অ্যাটাকের সময় অ্যান্ডোরার গোলকিপার জেসুস ওভোনোর সঙ্গে সংঘর্ষ হয়। গোলকিপারের হাঁটু সজোরে আঘাত করে ৩০ বছর বয়সী দে মিগুয়েলের বুক ও মুখে। সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

উভয় দলের খেলোয়াড়রা দ্রুত চিকিৎসক ডাকেন। দীর্ঘক্ষণ চিকিৎসার পর তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে এবং পরে নুয়েস্ত্রা সেনোরা দে কান্দেলেরিয়া ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি কার্ডিয়াক ও রেসপিরেটরি অ্যারেস্টে আক্রান্ত হন। চিকিৎসকরা নাড়ি ফিরিয়ে আনলেও তিনি অচেতন অবস্থায় আইসিইউতে ছিলেন। মঙ্গলবার প্রথম প্রহরে স্নায়বিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ চেষ্টাও ব্যর্থ হয়।

দে মিগুয়েলের পরিবার এই কঠিন সময়ে সকলকে ধন্যবাদ জানিয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও ক্রীড়াবিদেরা তার বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *