সাফ অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ-newsedge24
  • May 11, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

ফেভারিট হিসেবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এই হোঁচটের ফলে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। তাই রোববার (১১ মে) ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় শুরু হবে।

মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় কোচ গোলাম রব্বানী ছোটনের দল। নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজীর গোলে এগিয়ে থাকলেও মালদ্বীপের আহনাফ আব্দুল্লাহ এবং ইথান ইব্রাহিম জাকির গোলে ম্যাচ ড্র হয়। এই ফলাফলের পর গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট ১ করে, আর ভুটান এখনও তাদের প্রথম ম্যাচ খেলেনি। সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের জন্য ভুটানের বিপক্ষে জয় অপরিহার্য।

সহকারী কোচ আবুল হোসেন গতকাল এক ভিডিও বার্তায় বলেন, “মালদ্বীপ ম্যাচে ছেলেরা দুই গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মনোযোগ হারিয়েছিল, যে কারণে ফল বদলে গেছে। আমরা সেই ভুলগুলো শুধরে নিয়েছি। ভুটানের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি হবে না। ইনশাল্লাহ, জয় নিয়ে মাঠ ছাড়ব।”

ফরোয়ার্ড মুর্শেদ আলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে বলেন, “শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে হোঁচট খেলেও আমরা প্রস্তুত। গতকাল রিকভারি সেশন ও কিছু কাজ করেছি। সব খেলোয়াড় প্রস্তুত। ইনশাল্লাহ, ভুটান ম্যাচে পুরো প্রস্তুতি দিয়ে ৩ পয়েন্ট নিয়ে দেশবাসীকে আনন্দ দেব। দোয়া করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *