ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ফের বল বিতর্ক-newsedge4
  • July 31, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ডিউকস বল নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। লর্ডস টেস্টের পর ওভালে পঞ্চম ও শেষ টেস্টের আগেও এই ইস্যু মাথাচাড়া দিয়েছে। ভারতীয় দল বল পরিবর্তনের নিয়ম ও নির্বাচন প্রক্রিয়ায় ইংল্যান্ডের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসিসি’র ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দ্বিতীয় নতুন বলে মাত্র ১০ ওভারে বিকৃত হয়ে যায়। ভারতীয় দলের এক সদস্য ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেন, “লর্ডসে ১০ ওভার পর বলের আকৃতি বদলে যায়। আম্পায়াররা আমাদের ৩০-৩৫ ওভার পুরনো বল দেন। পরিবর্তনের পর আমাদের বোলাররা সুইং পাননি, আর ইংল্যান্ড সহজেই রান তুলেছে। আমরা জানলে বিকৃত বলটিই ব্যবহার করতাম। আইসিসিকে এই নিয়ম পরিবর্তন করতে হবে।” এর ফলে ইংল্যান্ড ২৭১/৭ থেকে ৩৫৫ রানে পৌঁছে এবং শেষ পর্যন্ত ২২ রানে ম্যাচ জিতে নেয়।

ইএসপিএনক্রিকইনফো’র তথ্য অনুযায়ী, মূল বলটি গড়ে ১.৮৬৯ ডিগ্রি সুইং এবং ০.৫৭৯ ডিগ্রি সিম মুভমেন্ট দিচ্ছিল, কিন্তু প্রতিস্থাপন বলটি মাত্র ০.৮৫৫ ডিগ্রি সুইং দিয়েছে। এই পরিবর্তন ভারতের বোলিং আক্রমণকে ভোঁতা করে দেয়। জসপ্রিত বুমরাহ ওই ম্যাচে প্রথম ১৪ বলে বেন স্টোকস, জো রুট ও ক্রিস ওকসের উইকেট নিয়েছিলেন, কিন্তু বল পরিবর্তনের পর জেমি স্মিথ ও ব্রাইডন কার্স অবাধে রান তুলেন।

ভারতের আরেক অভিযোগ, ম্যাচের আগে বল নির্বাচন প্রক্রিয়ায় ইংল্যান্ড বাড়তি সুবিধা পাচ্ছে। সাধারণত, চতুর্থ আম্পায়ার (যিনি আয়োজক দেশের) দলের ড্রেসিংরুমে বলের বাক্স নিয়ে যান, এবং দলগুলো দুটি করে বল বেছে নেয়। কিন্তু এই প্রক্রিয়ায় ম্যাচ রেফারি উপস্থিত থাকেন না। ভারতীয় দলের এক কর্মকর্তা বলেন, “চতুর্থ আম্পায়ার মাঝে মাঝে এমন বাক্স নিয়ে আসেন, যেখানে মাত্র একটি গাঢ় লাল বল থাকে, যা বেশি সুইং করে। আমরা যখন সেটি বেছে নিতে চাই, বলা হয় ইংল্যান্ড তা আগেই নিয়েছে।”

আরও পড়ুন: জয়সোয়ালের রিভিউ নিয়ে আম্পায়ার সৈকতের সাথে স্টোকসের তর্ক

ভারতের প্রস্তাব, বল নির্বাচন প্রক্রিয়া ড্রেসিংরুমের বদলে ম্যাচ রেফারির কক্ষে হওয়া উচিত, যাতে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়। তারা আরও দাবি করেছে, বল পরিবর্তনের সময় প্রতিস্থাপন বলের বয়স জানানো বাধ্যতামূলক করতে হবে।

ডিউকস বলের মালিক দিলীপ জাজোদিয়া তাঁর পণ্যের গুণগত মানের পক্ষে সাফাই গেয়েছেন, তবে বলেছেন, টি-টোয়েন্টি যুগে আক্রমণাত্মক ব্যাটিং ও শক্ত পিচের কারণে বল দ্রুত নরম হয়ে যায়।

ইংল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওভালে চলমান পঞ্চম টেস্টে ভারতকে সিরিজ সমতায় আনতে জয়ের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *