আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আগামী অক্টোবরে এশিয়ার দুই শক্তিশালী দল জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানায়, ১০ই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে খেলার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে সিবিএফ। এই ম্যাচগুলোর জন্য বাণিজ্যিক ও আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করতে ফেডারেশন বর্তমানে আলোচনা করছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিল এই দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। সেবার সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল তিতের দল। এবার নতুন কোচ কার্লো আনচেলোত্তির নেতৃত্বে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই ইতালিয়ান কোচের জন্য এটি প্রথম আন্তর্জাতিক দলের দায়িত্ব।
গ্লোবো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে দল সাজাবেন আনচেলোত্তি। চলতি বছরের নভেম্বরে একটি আফ্রিকান দলের বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চে একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এছাড়া, বিশ্বকাপ শুরুর আগে জুনের শুরুতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, যা কোচিং স্টাফের মতামতের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: ফুটবলে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তন আসছে
ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে ৫ই সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে এবং ১০ই সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে তারা। ২০২৬ সালের ১১ই জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ।


















































































































































































































































































































































































































































