বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এর মাধ্যমে তিনি বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি অর্জন করেন এবং টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও ৭০০০ রানের বিরল ‘ডাবল’ পূর্ণ করেন।
রবিবার (২৪ আগস্ট) এই ম্যাচে সাকিব ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ৪৯৮ উইকেট নিয়ে ম্যাচে নামা সাকিব প্রথম ওভারের শেষ বলে রিজওয়ানকে ফিরিয়ে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন। এরপর পরের ওভারে কাইল মেয়ার্স ও নাভিন-উল-হককে ফিরিয়ে তিনি নিজের উইকেট সংখ্যা ৫০২-এ নিয়ে যান। তবে প্রথম ওভারে তৃতীয় বলে রিজওয়ানের একটি শট ধরেও সীমানায় পা লাগায় উইকেট পাননি জেডেন সিলস, যদিও সাকিব শেষ পর্যন্ত সাফল্য পান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন রাশিদ খান (৬৬০ উইকেট), এরপর ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) এবং ইমরান তাহির (৫৫৪)। সাকিব ৪৫৭ ম্যাচে ৪১৯ ইনিংসে বোলিং করে এই মাইলফলক অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দ্রে রাসেল, যিনি ৪৮৭ উইকেট ও ৯০০০-এর বেশি রান করেছেন।
আরও পড়ুন: ওয়ানডেতে ম্যাথু ব্রিটস্কির অনন্য কীর্তি: প্রথম ৪ ম্যাচে ৪ ফিফটি
ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। ১৮ বলে ২৫ রানের ইনিংসে তিনি মারেন দুটি ছক্কা ও একটি চার। তার এই ইনিংসে অ্যান্টিগা ১৩৪ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই তাড়া করে জয় নিশ্চিত করে। প্যাট্রিয়টস টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান তুলেছিল। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। এই জয়ে ছয় ম্যাচে তিন জয় ও সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।


















































































































































































































































































































































































































































