ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি কর্তৃপক্ষ। রোববার (২৪ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে, যা ইসরাইলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে। এশিয়া ওয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরাইলি বিমান হামলার লক্ষ্য ছিল সানার একটি সামরিক কমপ্লেক্স, যার মধ্যে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণাগার অন্তর্ভুক্ত ছিল। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এই হামলায় ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, হুতি গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। শুক্রবার (২২ আগস্ট) হুতিরা দাবি করে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইসরাইলি বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক সাব-মিউনিশন বহন করছিল, যা আঘাতের পর বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত ছিল। এটি ইয়েমেন থেকে প্রথমবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে জাহাজ এবং ইসরাইলের দিকে প্রায়ই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এর বেশিরভাগই ইসরাইল ভূপাতিত করেছে। পাল্টা জবাবে ইসরাইল হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থানে, বিশেষ করে হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘ সংস্থার প্রতিবেদন: গাজায় দুর্ভিক্ষ চলছে
হুতি জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল কাদের আল-মুরতাদা রোববার এক্সে লিখেছেন, “ইসরাইল জেনে রাখুক, আমরা গাজার ফিলিস্তিনি ভাইদের কখনোই একা ছাড়ব না, যত ত্যাগই স্বীকার করতে হোক।” তিনি জানান, হুতিরা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তাদের পদক্ষেপ অব্যাহত রাখবে।
গাজা যুদ্ধের প্রভাবে ইয়েমেনে ইসরাইল ও হুতিদের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা-হামলার ধারা এক বছরেরও বেশি সময় ধরে চলছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































